ইরান ইসরাইলের বিরুদ্ধে আরও ভয়াবহ ও ব্যাপক হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর জেষ্ঠ্য কমান্ডার কিওমারস হায়দারি সোমবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে তেল আবিবের ভূখণ্ডে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছড়ে পড়বে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধোঁয়া এখনও তেল আবিবের আকাশে দৃশ্যমান।
ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, অল্প সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্রের নতুন ঢেউ তেল আবিবের ওপর আঘাত হানবে। এই হুঁশিয়ারি এসেছে ইসরাইলের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া হিসেবে, যেখানে ইরানের শ্রেষ্ঠ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হয়েছে।
ইরানের এই পাল্টা হামলার ঘোষণা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও তীব্র করেছে। তেল আবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সাইরেন বেজে উঠেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের হামলা প্রতিহত করতে কাজ করছে, তবে তেল আবিবে বেশ কয়েকটি ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে।
ইরানের এই হামলার হুঁশিয়ারি এবং চলমান পাল্টাপাল্টি আক্রমণ মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির আহ্বান জানালেও, পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































