মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইরানের সঙ্গে সাম্প্রতিক যোগাযোগের খবরে দুই দেশের মধ্যে নতুন করে শান্তি আলোচনার সম্ভাবনা উঠে এসেছে। এ বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি মানবিক সাহায্যের কথা স্বীকার করলেও শান্তি আলোচনার বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন।
গতকাল শনিবারের ঘটনাপ্রবাহে ট্রাম্প জানান, ইরানে চিকিৎসা সামগ্রী ও অন্যান্য সাহায্যের প্রয়োজন রয়েছে। ভ্যান্স এ বিষয়ে তার মতামত চেয়েছিলেন এবং তিনি শুধু মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দিয়েছেন। অসুস্থ মানুষদের সহায়তার জন্যই এই পদক্ষেপ—এমন মন্তব্য করেন তিনি। তবে শান্তি আলোচনা নিয়ে কোনো আলোচনা তিনি করেননি বলে জানিয়েছে অনলাইন আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এ যোগাযোগের খবর প্রকাশ করে। পরে নিউইয়র্ক টাইমসও একই তথ্য নিশ্চিত করে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজায়ির কাছে একটি চিঠি পাঠান ভ্যান্স। আগামী সপ্তাহগুলোতে ইরানের ওপর কোনো তীব্র সামরিক হামলা না চালানোর নিশ্চয়তা দিতেই এই চিঠি পাঠানো হয়েছে। এতে কোনো নির্দিষ্ট শান্তি চুক্তির প্রস্তাব নেই, বরং আলোচনার সম্ভাব্য রূপরেখা নিয়ে কথা বলা হয়েছে।
নিউইয়র্ক টাইমসের খবর অনুসারে, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে গত সপ্তাহে চিঠিটি পাঠানো হয় এবং রোববার তা পৌঁছায়। ভ্যান্স সরাসরি আলোচনার আহ্বান জানিয়ে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব করেন। শুরু থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়ও তাতে উল্লেখ রয়েছে।
ইরানের নেতারা এ প্রস্তাবকে ইতিবাচকভাবে নিয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবারের মধ্যে রেজায়ি আনুষ্ঠানিক জবাব দেবেন বলে আশা করা হচ্ছে। আগামী সপ্তাহেই কাতার বা তুরস্কে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে রয়টার্স জানিয়েছে, কাতারের মধ্যস্থতাকারীরা ইরানকে যুদ্ধ শেষ করার জন্য একটি নতুন খসড়া চুক্তি দিয়েছে। তবে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ পরিকল্পনাকে ‘অগ্রহণযোগ্য ধারণা’ বলে প্রত্যাখ্যান করেছেন এবং একে কোনো প্রকৃত প্রস্তাব নয় বলে মন্তব্য করেছেন।
যুক্তরাষ্ট্র ইরান, শান্তি আলোচনা, জেডি ভ্যান্স, ট্রাম্প



















































































































































































































































































































































































































































































































































































































































