সান ডিয়েগোর একটি সামরিক আবাসিক এলাকায় একটি মার্কিন ব্যক্তিগত জেট বিমান বিদ্যুৎ লাইনে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। সেসনা ৫৫০ মডেলের এই বিমানে ছয়জন আরোহী ছিলেন, এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সান ডিয়েগো ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ড্যান এডি জানিয়েছেন, সেদিন সকালে কুয়াশা এত ঘন ছিল যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। কর্মকর্তারা আরও জানান, বিমানটি নিউ জার্সির টেটারবোরো থেকে, ম্যানহাটনের কাছাকাছি, বুধবার রাত ১১:১৫ নাগাদ যাত্রা শুরু করে। এরপর এটি কানসাসের উইচিটায় জ্বালানি ভর্তি করার জন্য থামে এবং সান ডিয়েগোর দিকে যাত্রা চালিয়ে যায়। এনটিএসবি’র এলিয়ট সিম্পসন জানান, বিমানটি মন্টগোমারি-গিবস এক্সিকিউটিভ বিমানবন্দরের দিকে যাচ্ছিল, কিন্তু বিমানবন্দর থেকে প্রায় ৩.২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিদ্যুৎ লাইনে ধাক্কা খায়।
সান ডিয়েগো ফায়ার-রেসকিউ আগে দুজনের মৃত্যু নিশ্চিত করেছিল। এছাড়া, সান ডিয়েগোর একটি সঙ্গীত প্রতিভা সংস্থার মুখপাত্র জানিয়েছেন, সেসনা ৫৫০ বিমানটি একটি বাড়িতে আছড়ে পড়ে আগুন ধরে যাওয়ায় তাদের তিনজন কর্মী মারা গেছেন। এখন পর্যন্ত সাউন্ড ট্যালেন্ট গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ডেভ শাপিরো এবং মেটাল-কোর ব্যান্ড দ্য ডেভিল ওয়েয়ার্স প্রাদার প্রাক্তন ড্রামার ড্যানিয়েল উইলিয়ামসের মৃত্যু নিশ্চিত হয়েছে।
অন্যান্য নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এনবিসি সান ডিয়েগোর একটি প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিগত জেটটি ডেভ শাপিরোর নামে নিবন্ধিত ছিল, যিনি একজন নিবন্ধিত পাইলট, ফ্লাইট ইন্সট্রাক্টর এবং গ্রাউন্ড ইন্সট্রাক্টর ছিলেন।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, বিমানটি নিউ জার্সি থেকে বুধবার রাত ১১:১৫ (জিএমটি ৩:৪৫) এ যাত্রা শুরু করে এবং কানসাসের উইচিটায় জ্বালানি ভর্তি করার জন্য থামে। সান ডিয়েগো বিমানবন্দরের কাছে পৌঁছানোর সময় বিমানটি দুটি বিদ্যুৎ লাইনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। তবে এটি দুর্ঘটনার কারণ কিনা, তা এখনও নিশ্চিত নয়। এনটিএসবি তদন্ত চালিয়ে যাচ্ছে এবং বিমানের কিছু ধ্বংসাবশেষ ও একটি ডানা কাছাকাছি রাস্তায় পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা ক্রিস্টোফার মুর অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ভোরে একটি বিকট শব্দে তিনি ও তার স্ত্রী ঘুম থেকে জেগে ওঠেন। জানালা দিয়ে ধোঁয়া দেখে তারা তাদের দুই ছোট সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। রাস্তায় গিয়ে তারা একটি গাড়িকে আগুনে জ্বলতে দেখেন। একজন মেরিন বাসিন্দা ফক্স নিউজকে বলেন, তিনি একটি “অদ্ভুত শিসের শব্দ” শুনেছেন, যার পরে একটি বিস্ফোরণ ও বাড়ির কাঁপুনি অনুভব করেন।
র্ঘটনার কারণে প্রায় ১০০ জন বাসিন্দাকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মাটিতে থাকা আটজন আহত হয়েছেন, যার মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সান ডিয়েগোর ফায়ার ডিপার্টমেন্টের সহকারী প্রধান ড্যান এডি বলেন, “এত বড় একটি বিমান এত গতিতে বিধ্বস্ত হলে ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়ে।”
সাউন্ড ট্যালেন্ট গ্রুপের মুখপাত্র এক লিখিত বিবৃতিতে বলেন, “আমরা আমাদের সহ-প্রতিষ্ঠাতা, সহকর্মী এবং বন্ধুদের হারিয়ে গভীরভাবে মর্মাহত। তাদের পরিবার এবং এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের সমবেদনা। এই সময়ে তাদের গোপনীয়তার প্রতি সম্মান জানানোর জন্য ধন্যবাদ।”






































































































































































































































































































































































































































































































































































































































