ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বিরোধী দলের একাধিক সংসদ সদস্যকে পুলিশের হাতে আটকের দুই ঘণ্টা পর মুক্তি দেওয়া হয়েছে। সোমবার (১১ আগস্ট, ২০২৫) দুপুরে দিল্লি পুলিশ তাদের আটক করে এবং পরবর্তীতে পার্লামেন্ট স্ট্রিট থানা থেকে ছেড়ে দেয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত এবং তৃণমূল কংগ্রেসের সদস্য সাগরিকা ঘোষসহ ৩০ জনের বেশি সংসদ সদস্যকে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছিল। এর আগে সোমবার সকালে পার্লামেন্ট ভবনের সামনে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভের সময় তাদের আটক করা হয়।
আরও পড়ুন: প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নিয়ে মোদিকে শারদ পাওয়ারের সতর্কবার্তা
পুলিশ জানিয়েছে, নির্বাচন কমিশন শুধুমাত্র ৩০ জন সংসদ সদস্যকে তাদের কার্যালয়ে প্রবেশের অনুমতি দিয়েছিল। কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হওয়ায় পুলিশ তাদের আটক করে। আটকের প্রায় দুই ঘণ্টা পর সকলকে মুক্তি দেওয়া হয়।






































































































































































































































































































































































































































































































































































































































