সামরিক অভ্যুত্থানের পর থেকে চলমান গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে জাতীয় পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল ৬টা (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিট) থেকে ভোটগ্রহণ চলছে।
মিয়ানমারের নির্বাচন কমিশনের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী নেইপিদো, বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন, মান্দালয়সহ জান্তানিয়ন্ত্রিত শহর ও গ্রামাঞ্চলে ভোটগ্রহণ হচ্ছে। তবে বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চল ও প্রদেশগুলোতে ভোট হচ্ছে না।
নির্বাচনটি তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম দুই ধাপের ভোট আজ এবং ১১ জানুয়ারি। এই দুই ধাপে মোট ৩৩০টি প্রশাসনিক এলাকার মধ্যে ২০২টিতে ভোটগ্রহণ হবে। তৃতীয় ও শেষ ধাপের ভোট ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর ফলাফল ঘোষণা করা হবে।
আরও পড়ুন: মিয়ানমার সীমান্তে আবারও গোলাগুলি-বিস্ফোরণ
মিয়ানমারে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২০ সালের নভেম্বরে। সেই নির্বাচনে অং সান সু চি’র নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ভূমিধস বিজয় লাভ করে। কিন্তু কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এনএলডি সরকারকে ক্ষমতাচ্যুত করে জান্তা। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এই অভ্যুত্থানের নেতৃত্ব দেন। এরপর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে।



































































































































































































































































































































































































































































































































































































































