হরমুজ প্রণালি-জাহাজে-newsedge24

হরমুজ প্রণালি এলাকায় দুটি তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ দিয়ে হামলা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা। গতকাল শুক্রবার সংস্থাটি জানায়, সাম্প্রতিক সময়ে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য এটি নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে এই নৌপথটি সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পথ দিয়ে পরিবহন করা হতো।

প্রতিবেদন অনুযায়ী, তেহরান বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দিচ্ছে এবং অনুমতি ছাড়া প্রণালিতে প্রবেশের অভিযোগে কয়েকটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর জবাবে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোকে ঘিরে পাল্টা অবরোধ আরোপ করে, যাতে দেশটি তেল রপ্তানি করতে না পারে।

আরও পড়ুন:

ইরানের চারপাশ ঘিরে নতুন সেনা মোতায়েন, রণপ্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম জাহাজটিতে হামলার পর অল্প সময়ের জন্য আগুন ও বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দেয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা।

জাহাজটি হরমুজ প্রণালি থেকে বেরিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়। পরে সেটি আবার যাত্রা শুরু করতে সক্ষম হয়। তবে জাহাজটির কোথা থেকে যাত্রা শুরু হয়েছিল বা কোথায় যাচ্ছিল, সে বিষয়ে সংস্থাটি বিস্তারিত জানায়নি।

এর কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বদিকে আরেকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ দিয়ে আঘাত করা হয়েছে বলে খবর আসে। ওই জাহাজের সব নাবিক নিরাপদে আছেন এবং কোনো পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *