২৮ বছর পর ইরান সফরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী-newsedge24

ইরানের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য তেহরানে গেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। গত ২৮ বছরের মধ্যে এটিই প্রথম এমন সফর। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার আগে এই সফর করছেন তিনি। প্রিন্স খালিদ বর্তমান সৌদি রাজা সালমান বিন আবদুল্লাহার ছেলে এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভাই।

মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী পরাশক্তি সৌদি আরব ও ইরানের মধ্যে এমন সফর অত্যন্ত বিরল। এর আগে ১৯৯৭ সালে সৌদি রাজপরিবারের একজন সিনিয়র সদস্য, তৎকালীন রাজা আবদুল্লা বিন আবদুলআজিজ, ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সঙ্গে সাক্ষাৎ করতে তেহরান সফর করেছিলেন।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সফরকালে প্রিন্স খালিদ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য একাধিক বৈঠকে অংশ নেবেন। দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরুর প্রেক্ষাপটে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে সোমবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আঞ্চলিক উন্নয়ন ও তার মোকাবিলার বিষয়ে আলোচনা করেন।

প্রিন্স খালিদ ইরানের উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এ ছাড়া তিনি ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরির সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফরে অন্যান্য গুরুত্বপূর্ণ বৈঠকেরও আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *