ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বৃহস্পতিবার (২৪ জুলাই, ২০২৫) এক্সে এক পোস্টে তিনি জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।
ম্যাক্রন তার পোস্টে বলেন, “মধ্যপ্রাচ্যে ন্যায্য ও স্থায়ী শান্তির জন্য ফ্রান্সের ঐতিহাসিক প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।” তিনি আরও উল্লেখ করেন, “আজ সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধ বন্ধ করা এবং বেসামরিক নাগরিকদের সহায়তা করা।”
এর আগে ইউরোপীয় ইউনিয়নের সদস্য নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছিল। জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪২টি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বা স্বীকৃতির পরিকল্পনা করছে। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির মতো শক্তিধর পশ্চিমা দেশগুলো এখনও এটি প্রত্যাখ্যান করেছে।
গাজায় ইসরাইলের নির্বিচার হামলা ও ত্রাণ সরবরাহের ওপর কঠোর বিধিনিষেধের কারণে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ক্ষোভ বাড়ছে। গাজা যুদ্ধে এ পর্যন্ত ৫৯,৫৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ত্রাণ বিতরণে বিধিনিষেধের ফলে গাজায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। এ সপ্তাহের শুরুতে ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও ২১টি মিত্র দেশের সঙ্গে যুক্ত হয়ে গাজায় ত্রাণ সরবরাহে বাধা এবং ফিলিস্তিনিদের হত্যার নিন্দা জানিয়েছে। এই যৌথ বিবৃতিতে বলা হয়, “যুদ্ধ এখনই বন্ধ করতে হবে।”






































































































































































































































































































































































































































































































































































































































