জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দৃঢ় ঘোষণা দিয়েছেন, তেহরান কখনো মাথা নত করবে না বা হাঁটু গেড়ে আত্মসমর্পণ করবে না। তিনি ‘দাদাগিরির’ মুখে প্রকৃত শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বিশ্বের অন্যান্য দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান বলেন, নিষেধাজ্ঞা, চাপ ও দাদাগিরি যত বাড়বে, ইরানি জনগণের প্রতিরোধও তত শক্তিশালী হবে। তিনি সতর্ক করে বলেন, ক্ষমতাহীন একটি বিশ্ব যেমন বিপজ্জনক, তেমনি যে বিশ্ব শুধু যুদ্ধ ও দাদাগিরির ভাষা বোঝে, সেই বিশ্বও নিরাপদ হবে না।
বিশ্বনেতাদের উদ্দেশে তিনি বলেন, “আমরা এমন একটি বিশ্ব গড়তে পারি না, যেখানে বৈধতার জায়গা নেবে সামরিক শক্তি, রাজনীতি ও আলোচনার জায়গা নেবে সন্ত্রাসবাদ এবং সংলাপ ও কূটনীতির জায়গা নেবে যুদ্ধ।”
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান বিশ্বের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে এবং সহযোগিতার আমন্ত্রণ জানাচ্ছে। এটি দুর্বলতার কারণে নয়, বরং নিজেদের শক্তি ও দৃঢ়তার ওপর গভীর বিশ্বাস থেকেই। তিনি আরও বলেন, এই অঞ্চলের কোনো দেশ একা নিরাপদ থাকতে পারবে না। হয় সবাই মিলে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে, নয়তো সবাইকে একসঙ্গে নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করতে হবে।
শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি তার ভাষণ শেষ করেন।






































































































































































































































































































































































































































































































































































































































