যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লিওন কাউন্টিতে অবস্থিত ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে (এফএসইউ) একটি মর্মান্তিক গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় ডেপুটি শেরিফের ২০ বছর বয়সী সন্তান তার মায়ের হ্যান্ডগান ব্যবহার করে হামলা চালিয়েছে। এতে দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স ও সিএএনের প্রতিবেদনে জানা গেছে, অভিযুক্ত বন্দুকধারী ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। তিনি তার মা, যিনি একজন ডেপুটি শেরিফ, তার দায়িত্ব পালনের সময় ব্যবহৃত পিস্তল দিয়ে এই হামলা চালান। ঘটনাস্থলে পুলিশের গুলিতে আহত হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লিওন কাউন্টির শেরিফ ওয়াল্টার ম্যাকনিল জানিয়েছেন, উদ্ধারকৃত বন্দুকগুলোর মধ্যে একটি ওই ডেপুটি শেরিফের। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
পুলিশের আত্মসমর্পণের নির্দেশ অমান্য করায় কর্মকর্তারা বন্দুকধারীর ওপর গুলি চালান এবং পরে তাকে হেফাজতে নেন।
এটি ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে প্রথম গোলাগুলির ঘটনা নয়। ২০১৫ সালে এক স্নাতক পাঠাগারে গুলি চালিয়ে তিনজনকে আহত করেছিলেন, এবং পরে পুলিশ তাকে গুলি করে হত্যা করেছিল।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।






































































































































































































































































































































































































































































































































































































































