যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের সুফল পেতে পারে ভারতের বেসরকারি বেসামরিক বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ও আকাশ এয়ার। চীন সরকারের মার্কিন বিমান কেনার ওপর নিষেধাজ্ঞার কারণে চীনা এয়ারলাইন্সের জন্য নির্ধারিত উড়োজাহাজ এখন ভারতীয় সংস্থাগুলোর কাছে চলে আসতে পারে। এতে ভারতীয় এয়ারলাইন্সকে উড়োজাহাজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, চীনের বিভিন্ন এয়ারলাইন্স মার্কিন সংস্থা বোয়িংয়ের কাছে প্রায় ১০০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স জেট উড়োজাহাজের অর্ডার দিয়েছিল। কিন্তু বাণিজ্যযুদ্ধের কারণে চীন সেই অর্ডার বাতিল করেছে। এই সুযোগে এয়ার ইন্ডিয়া ও আকাশ এয়ার, যারা একই মডেলের বিমানের অর্ডার দিয়েছে, দ্রুত উড়োজাহাজ পেতে পারে। এছাড়া, এই দুই সংস্থা ১১টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের অর্ডারও দিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এয়ার ইন্ডিয়ার মালিক টাটা গোষ্ঠী বোয়িংয়ের কাছে অনুরোধ করতে চলেছে, যাতে চীনের জন্য তৈরি উড়োজাহাজ দ্রুত তাদের সরবরাহ করা হয়। এতে ভারতীয় সংস্থাগুলোর পাশাপাশি বোয়িংয়েরও লাভ হবে, কারণ তৈরি উড়োজাহাজ অবিক্রিত থাকবে না। বর্তমানে বোয়িংয়ের কাছে ১০টি উড়োজাহাজ পুরোপুরি তৈরি অবস্থায় রয়েছে।
যাত্রীসংখ্যা বাড়লেও উড়োজাহাজের অভাবে এয়ার ইন্ডিয়া ও আকাশ এয়ার সমস্যার মুখে পড়ছে। এই দুই সংস্থা বোয়িং ছাড়াও ফ্রান্সের এয়ারবাসের ওপর নির্ভরশীল। অতীতেও চীনের অর্ডার বাতিলের কারণে এয়ার ইন্ডিয়া ৪১টি ৭৩৭ ম্যাক্স জেট পেয়েছিল।
ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু সোমবার গুরুগ্রামে এয়ার ইন্ডিয়ার সদর দপ্তর পরিদর্শন করেন। সেখানে তিনি সংস্থাটির নিরাপত্তা উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি বলেন, “এয়ার ইন্ডিয়ার পরিধি বৃদ্ধির সঙ্গে নিরাপত্তার বিষয় গুরুত্ব পাচ্ছে। টাটা গোষ্ঠীর এই সংস্থা বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থা হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ভারত সরকার তাদের সব ধরনের সহায়তা দেবে।”
২০২১ সালে যাত্রা শুরু করা আকাশ এয়ারও উড়োজাহাজ পেতে দেরির কারণে সমস্যায় পড়েছে। সংস্থাটির কাছে উড়োজাহাজের তুলনায় পাইলট বেশি রয়েছে, যাদের ভবিষ্যতের প্রয়োজনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যযুদ্ধ এই দুই ভারতীয় সংস্থার জন্য সুবিধা বয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে।



































































































































































































































































































































































































































































































































































































































