গত ১০ দিনে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান শক্তিশালী হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বেশিরভাগ ব্যাংক বর্তমানে প্রতি ডলারের বিনিময় হার নির্ধারণ করেছে ১২০.৩০ থেকে ১২১.২০ টাকা, যেখানে গত সপ্তাহের শুরুতে এটি ছিল ১২২.৮০ থেকে ১২২.৯০ টাকা। এই দরপতন রেমিট্যান্স ও রপ্তানি আয়ের রেকর্ড প্রবৃদ্ধির ফলে সম্ভব হয়েছে, যা দেশের অর্থনীতিতে স্বস্তি এনেছে।
২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ। এটি ২০২৩-২৪ অর্থবছরের ২৩.৯১ বিলিয়ন ডলারের তুলনায় ২৬.৮০% বেশি। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা ১.০৭১ বিলিয়ন ডলার পাঠিয়েছেন, যার গড় দৈনিক রেমিট্যান্স ৮৯.২৫ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৯৪৮ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন জানান, হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণ হ্রাস পাওয়ায় বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে। এছাড়া, অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক সংস্কার, মূলধনী বাজারে মূল্য কারসাজি রোধে পদক্ষেপ এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ এই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আরও পড়ুন: অধ্যাপক ইউনূসকে চিঠিতে যা লিখলেন ডোনাল্ড ট্রাম্প
২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয় ৮.৫৮% বৃদ্ধি পেয়ে ৪৮.২৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৪-এ রপ্তানি হয়েছে ৩.৮৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১৬% বেশি। এই প্রবৃদ্ধি অর্থনৈতিক পুনরুদ্ধারের ইঙ্গিত দেয় এবং টাকার মান শক্তিশালী করতে সহায়ক হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ডলারের সরবরাহ বৃদ্ধিই দরপতনের প্রধান কারণ। গত দুই বছরের মধ্যে বর্তমানে ডলারের সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর অর্থনীতি, প্রতিষ্ঠান ও প্রশাসন সংস্কারে নেওয়া পদক্ষেপ জনগণের মধ্যে আস্থা তৈরি করেছে। ডলারের বিনিময় হার ১২০ টাকায় নেমে আসা একটি ইতিবাচক দিক।”
তথ্যসুত্র: বাসস





















































































































































































































































































































































































































































































































































































































































































