মায়ানমার সিমান্তে ভারতীয় ড্রোন হামলা-newsedge24

সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসম (উলফা) দাবি করেছে, মায়ানমার সিমান্তে তাদের পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় তাদের তিনজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। ভারত এই দাবি অস্বীকার করেছে।

রবিবার একাধিক বিবৃতিতে আসামভিত্তিক এই বিদ্রোহী গোষ্ঠী জানায়, ভারতীয় বাহিনী মায়ানমারে তাদের শিবিরে ড্রোন হামলা চালিয়েছে। এনডিটিভির একটি প্রতিবেদন অনুযায়ী, উলফার দাবি, এই হামলায় তাদের ১৯ জন সদস্য নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছেন।

এনডিটিভি জানায়, উলফা এই বিবৃতিগুলো প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) সঙ্গে শেয়ার করেছে। উলফার দাবি, রবিবার ভোর ২:০০ থেকে ৪:০০ টার মধ্যে নাগাল্যান্ডের লংওয়া সীমান্ত থেকে অরুণাচল প্রদেশের পাংসাউ পাস পর্যন্ত বিস্তৃত তাদের একাধিক শিবিরে এই হামলা চালানো হয়।

প্রথম বিবৃতিতে উলফা জানায়, তাদের লেফটেন্যান্ট কর্নেল নয়ন মেধি নিহত হয়েছেন। পরবর্তী এক বিবৃতিতে তারা জানায়, ব্রিগেডিয়ার গণেশ আসম এবং কর্নেল প্রদীপ আসমও এই হামলায় নিহত হয়েছেন।

সংগঠনটি আরও দাবি করে, ভারতীয় সেনাবাহিনী এই হামলায় ইসরায়েল ও ফ্রান্সের তৈরি ড্রোন ব্যবহার করেছে। তবে, এনডিটিভি উল্লেখ করে, ভারত ফ্রান্সের তৈরি কোনো ড্রোন ব্যবহার করে না।

আরও পড়ুন: চীন-পাকিস্তান-বাংলাদেশ কৌশলগত ঘনিষ্ঠতা, নিরাপত্তা উদ্বেগ বাড়ছে ভারতের

গুয়াহাটি-ভিত্তিক ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ শাখার মুখপাত্র কর্নেল মহেন্দ্র রাওয়াত এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “ভারতীয় সেনাবাহিনীর কাছে এ ধরনের কোনো অভিযানের তথ্য নেই।”

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও রাজ্যের কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছেন। স্থানীয় গণমাধ্যম প্রতিদিন টাইমের প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, আসাম পুলিশের কোনো ভূমিকা ছিল না এবং ভারতীয় ভূখণ্ড থেকে কোনো হামলা চালানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *