পাকিস্তান চীনের কাছ থেকে অত্যাধুনিক হ্যাঙ্গার-শ্রেণির তৃতীয় সাবমেরিন গ্রহণ করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এর এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI) এর তথ্য অনুযায়ী, পাকিস্তানের ৮১ শতাংশ সামরিক হার্ডওয়্যার সরবরাহ করছে চীন, যার মধ্যে এই সাবমেরিনগুলো অন্যতম।
গত বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) চীনের হুবেই প্রদেশের উহানে অবস্থিত উচাং শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি গ্রুপের শুয়াংলিউ বেসে তৃতীয় হ্যাঙ্গার-শ্রেণির সাবমেরিন পিএনএস মাঙ্গ্রো উন্মোচন করা হয়। এর আগে চলতি বছরের মার্চ মাসে দ্বিতীয় সাবমেরিনটি পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছিল। মোট আটটি সাবমেরিনের মধ্যে চারটি চীনে এবং বাকি চারটি পাকিস্তানের করাচি শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (KSEW) এ নির্মিত হবে।
আরও পড়ুন: পাকিস্তানে ভয়াবহ বন্যায় ৬৫৭ নিহত
পাকিস্তানের নৌবাহিনীর উপপ্রধান (প্রজেক্ট-২) ভাইস অ্যাডমিরাল আব্দুল সামাদ উন্মোচন অনুষ্ঠানে বলেন, “এই অত্যাধুনিক সাবমেরিনের উন্নত অস্ত্রশস্ত্র ও সেন্সর আমাদের আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখতে এবং সমুদ্রে স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
হ্যাঙ্গার-শ্রেণির অত্যাধুনিক সাবমেরিনগুলো চীনের টাইপ ০৩৯এ/বি ইউয়ান-শ্রেণির সাবমেরিনের রপ্তানি সংস্করণ। এগুলো এয়ার-ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন (AIP) প্রযুক্তিতে সজ্জিত, যা এর স্টিলথ ক্ষমতা, গতিশীলতা এবং দীর্ঘ সময় ধরে পানির নিচে থাকার সক্ষমতা বাড়ায়। এই সাবমেরিনগুলোতে টর্পেডো, অ্যান্টি-শিপ মিসাইল এবং মাইন-লেয়িং ক্ষমতা রয়েছে।
চীনা সামরিক বিশেষজ্ঞ ঝাং জুনশে গ্লোবাল টাইমসকে বলেন, “এই সাবমেরিনগুলো উন্নত সেন্সর সিস্টেম, উচ্চ গতিশীলতা এবং শক্তিশালী আক্রমন সক্ষমতার জন্য পরিচিত।”






































































































































































































































































































































































































































































































































































































































