দুর্নীতির মামলায় পূর্ণ ক্ষমা চেয়ে প্রেসিডেন্টের কাছে চিঠি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । এই সিদ্ধান্তের জেরে দেশটির রাজধানী তেল আবিবে বিক্ষোভের ঢেউ উঠেছে। রোববার রাতে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের ব্যক্তিগত বাড়ির সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়ে ক্ষমা আবেদন প্রত্যাখ্যানের দাবি জানান। আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তেল আবিবে বিক্ষোভে বিরোধী দলের এমপি নাআমা লাজিমিসহ অনেকেই উপস্থিত ছিলেন। এক বিক্ষোভকারী কমলা রঙের বন্দির পোশাক পরে নেতানিয়াহুর সাজ করে ব্যঙ্গাত্মকভাবে অংশ নেন। অন্যরা ‘পার্ডন’ লেখা ব্যানার তুলে ধরে কলার স্তূপের পাশে দাঁড়ান।
বিক্ষোভকারী শিকমা ব্রেসলার বলেন, “নেতানিয়াহু নিজের বিচার বন্ধ করে দেশকে গভীরভাবে বিভক্ত করতে চান। তিনি কোনো দায় নিতে চান না।”
গত পাঁচ বছর ধরে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচারের মুখোমুখি নেতানিয়াহু। এক মামলায় তিনি ও স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে বিলিয়নিয়ারদের কাছ থেকে ব্যয়বহুল উপহার (সিগার, গয়না, শ্যাম্পেন) নেওয়ার অভিযোগ এবং অন্য দুই মামলায় সংবাদমাধ্যম থেকে অনুকূল সংবাদের বিনিময়ে চাপ দেওয়ার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন প্রত্যাখ্যান
এদিকে সব অভিযোগ অস্বীকার করে নেতানিয়াহুর আইনজীবীরা ১১১ পৃষ্ঠার চিঠিতে বলেন, বিচার শেষ হলে তিনি খালাস পাবেন। নেতানিয়াহু এক ভিডিওতে বলেন, “বিচার চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতিতে তা সম্ভব নয়। এতে দেশ আরও বিভক্ত হবে।”



































































































































































































































































































































































































































































































































































































































