অন্তর্বর্তীকালীন সরকারের স্বল্প মেয়াদে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব ব্যবস্থাপনা, বাণিজ্য সহজীকরণ, ডিজিটালকরণ এবং করের আওতা সম্প্রসারণে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগের ফলে রাজস্ব আহরণ বেড়েছে এবং কর ব্যবস্থা আরও স্বচ্ছ, আধুনিক ও জবাবদিহিমূলক হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।
রাজস্ব আহরণে বড় উন্নতি
চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এনবিআর মোট ১ লাখ ৮৫ হাজার ২২৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। গত অর্থবছরের একই সময়ের চেয়ে এটি ২৩ হাজার কোটি টাকা বেশি। কর ফাঁকি রোধ, পূর্বের ফাঁকি পুনরুদ্ধার এবং ডিজিটাল ব্যবস্থাপনার কারণে এই গতিশীলতা এসেছে।
গুরুত্বপূর্ণ সংস্কার ও উদ্যোগ
- রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা পৃথকীকরণ ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ পৃথক করা হয়েছে। এটি এনবিআরের কাঠামোগত সংস্কারে বড় মাইলফলক।
- ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনা বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয়ে স্ট্রেংথেনিং ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন প্রজেক্ট (এসডিআরএমপি) চালু। এর মাধ্যমে এনবিআরের সম্পূর্ণ কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হচ্ছে।
- কর অব্যাহতির সংস্কার ট্যাক্স এক্সপেনডিচার পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক (টিইপিএমএফ) প্রণয়ন করা হয়েছে। আয়কর আইন, কাস্টমস আইন ও মূসক আইন সংশোধন করে এনবিআরের কর অব্যাহতি দেওয়ার ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে। এখন সংসদের অনুমোদন ছাড়া কোনো কর অব্যাহতি দেওয়া যাবে না।
- আইটিপি সনদ ও করদাতা সেবা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ১৩ হাজার ৫০০ জনকে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার (আইটিপি) সনদ দেওয়া হয়েছে। অনলাইন রিটার্ন, পেমেন্ট ও ই-রিফান্ড ব্যবস্থা চালু।
- এ-চালান ও এমএফএস পেমেন্ট আমদানি-রফতানি সংক্রান্ত শুল্ক-কর সরাসরি সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার ব্যবস্থা চালু। বিকাশসহ এমএফএস-এর মাধ্যমে ঘরে বসে কর পরিশোধের সুবিধা।
- কাস্টমস সংস্কার বাংলাদেশ ন্যাশনাল উইন্ডো চালু। ১৯টি সংস্থা যুক্ত। অনলাইনে আবেদনের এক ঘণ্টা-এক দিনের মধ্যে কার্যক্রম সম্পন্ন। চট্টগ্রামে বিশ্বমানের কাস্টমস হাউস ও একাডেমি নির্মাণের টেন্ডার প্রকাশ। খুলনা কর ভবনের নির্মাণ শেষ, ২৯ জানুয়ারি উদ্বোধন।
- মোবাইল ফোন ও হজ যাত্রীদের সুবিধা মোবাইল ফোন আমদানিতে শুল্ক ২৫% থেকে কমিয়ে ১০% করা হয়েছে। সংযোজনকারী প্রতিষ্ঠানের উপকরণে শুল্ক ৫%। হজ যাত্রীদের বিমান টিকিটে শুল্ক অব্যাহতি। রমজানে খেজুর আমদানিতে শুল্ক ৪০% কমানো।
- মিডিয়াম অ্যান্ড লং টার্ম রেভিনিউ স্ট্র্যাটিজি ১০ বছর মেয়াদি এমএলটিআরএস গ্রহণ। রাজস্ব-জিডিপি অনুপাত বৃদ্ধি ও কাঠামোগত সক্ষমতা জোরদারের লক্ষ্য।
এনবিআরের এসব উদ্যোগ দেশের আর্থিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।





















































































































































































































































































































































































































































































































































































































































































