জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের (২০২৬-২৭ মেয়াদ) সভাপতি পদের নির্বাচনে নাটকীয় পরিবর্তন এসেছে। ফিলিস্তিন আকস্মিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। ফলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপের (Asia-Pacific Group) প্রার্থী হিসেবে এখন মূল লড়াই হবে বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে।
কূটনৈতিক সূত্র জানায়, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছেন। জয় নিশ্চিত করতে প্রয়োজনীয় কূটনৈতিক নির্দেশনাও দেওয়া হয়েছে। বাংলাদেশ আগে থেকেই এ পদে প্রার্থিতা ঘোষণা করেছিল, যা ফিলিস্তিনের প্রত্যাহারের পর আরও শক্তিশালী অবস্থানে এসেছে।
জাতিসংঘের অফিসিয়াল তথ্য অনুসারে, ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ২ জুন ২০২৬-এ নিউইয়র্কের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।
ফিলিস্তিনের প্রত্যাহারকে কয়েকটি সূত্রে কূটনৈতিক চাপের ফল হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যাননসহ অন্যান্য দেশের প্রচেষ্টায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ফিলিস্তিনের প্রার্থিতা ছিল আরব গ্রুপের সমর্থনে।
বাংলাদেশের জন্য এটি একটি বড় কূটনৈতিক সুযোগ। জয়ী হলে বাংলাদেশ দীর্ঘ ৪০ বছর পর এ পদে ফিরবে। এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন।
৮১তম অধিবেশন ৮ সেপ্টেম্বর ২০২৬-এ শুরু হবে, উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর থেকে। এ পদে নির্বাচিত ব্যক্তি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন পরিচালনা, এজেন্ডা নির্ধারণ ও বৈশ্বিক ইস্যুতে নেতৃত্ব দেবেন।












































































































































































































































































































































































































































































































































































