রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ৫ বছরের সশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকেও ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। এর আগে, এই তিন মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দেন আদালত।
এই মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকেও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার আরেক আসামি সাইফুল ইসলাম সরকারকে খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আদালত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়।
দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাজউকের অধীনে পূর্বাচল নতুন শহরে ৩০ কাঠা সরকারি জমি অবৈধভাবে বরাদ্দ করেন। এতে জাতীয় সম্পদের ক্ষতি হয়েছে। এই তিন মামলায় শুরু থেকে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন।
আরও পড়ুন: পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড
এর আগে ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে (রাজসাক্ষী) ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































