তারেক-রহমান-newsedge4

শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকাল সাড়ে আটটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠের মধ্য দিয়ে শুরু হবে কর্মসূচি। বিকেল তিনটার দিকে নয়াপল্টন থেকে কেন্দ্রীয় শোভাযাত্রা বের করবে বিএনপি।

আজ শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শোভাযাত্রার উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রিজভী জানান, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডানদিকে মোড় নেবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।

রিজভী আরও বলেন, ৫ নভেম্বর থেকে সাতদিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে চট্টগ্রাম মহানগরে কর্মসূচি পালিত হয়েছে। আগামীকাল দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, পোস্টার লাগানোসহ নানা কর্মসূচি পালন করবে।

আরও পড়ুন: মোংলায় নতুন কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন

৭ নভেম্বরের চেতনায় বিশ্বাসী অন্য রাজনৈতিক দল, জোট, সাংস্কৃতিক ও শ্রেণি-পেশার সংগঠনও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি নিয়েছে।

রিজভী বলেন, শেখ হাসিনার সরকার ৭ নভেম্বরের চেতনার প্রতি ভীত হয়ে দিবসটি রাষ্ট্রীয়ভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন বন্ধ করেছিল। বিএনপি ও সমমনা দলগুলো এতদিন দিবসটি পালন করে আসছে। এবার দীর্ঘদিন পর আবারও রাষ্ট্রীয় ও জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *