পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন-newsedge24

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, “এ ধরনের বিষয় দ্রুত সমাধান হয় না। ভারত বিষয়টি পর্যালোচনা করছে—এটুকুই আমরা জানি। আমরা নজর রাখছি।”

তারেক রহমান কবে দেশে ফিরবেন—এ বিষয়ে কোনো তথ্য নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন। বেগম খালেদা জিয়াকে আজ লন্ডনে নেওয়া হচ্ছে না, এয়ার অ্যাম্বুলেন্সে টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে।”

মিয়ানমারের আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলেদের আটকের ঘটনায় তিনি বলেন, “আরাকান আর্মি কোনো রাষ্ট্রীয় সংস্থা নয়, তাই সরাসরি দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়। তবে জাতীয় স্বার্থ জড়িত থাকায় আমরা গুরুত্ব দিয়ে দেখছি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা কমিয়ে আনতে কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

চীনের অর্থায়নে ঢাকার পরিবর্তে নীলফামারীতে এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, “পরিকল্পনা এমন যাতে রংপুর বিভাগের পাশাপাশি ভারত, ভুটানসহ প্রতিবেশী দেশের মানুষও এখান থেকে চিকিৎসা নিতে পারেন।”

রংপুরে শিল্প-কারখানা কম থাকায় কর্মসংস্থান বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, সরকার এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “আমরা চাই দেশের দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের হাতে এমনভাবে তুলে দিতে যাতে তারা এক থেকে দেড় বছরের মধ্যেই দেশকে কাঙ্ক্ষিত পথে নিয়ে যেতে পারেন। সব রিফর্ম আমাদের পক্ষে শেষ করা সম্ভব নয়—এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।”

আরও পড়ুন: অনিবার্য কারণ ছাড়া বিলম্ব নয়, যথাসময়েই নির্বাচন চায় বিএনপি

চার দিনের সফরে রংপুরে অবস্থানরত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শুক্রবার বিভিন্ন স্থান পরিদর্শন করছেন। শনিবার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন এবং রোববার নীলফামারী গিয়ে ঢাকায় ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *