লতিফ-সিদ্দিকীসহ-১১-জনকে-ডিবি-হেফাজতে-newsedge24

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার সময় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমানসহ অন্তত ১১ জনকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘মঞ্চ ৭১’ নামে একটি নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিতে আসেন আব্দুল লতিফ সিদ্দিকী, শেখ হাফিজুর রহমানসহ আরও কয়েকজন। এতে প্রধান অতিথি হিসেবে গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের উপস্থিত থাকার কথা ছিল, তবে তিনি আসেননি।

অনুষ্ঠান শুরুর পর ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল হট্টগোল শুরু করে এবং অংশগ্রহণকারীদের ঘিরে ফেলে। তারা লতিফ সিদ্দিকী ও অন্যদের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে অনুষ্ঠানে বাধা দেয়। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লতিফ সিদ্দিকী, শেখ হাফিজুর রহমানসহ অন্তত ১১ জনকে শাহবাগ থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাদের ডিবির মিন্টো রোডের কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ বলেন, “এখন তাদের এখান থেকে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। তাদের গ্রেপ্তার দেখানো হবে না ছাড়া হবে, সেটা ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।” শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, আটকদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ডিবি কর্তৃপক্ষ নেবে।

আরও পড়ুন: ডিএমপি ডিবি প্রধান হিসেবে নিয়োগ পেলেন শফিকুল ইসলাম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “জনরোষ থেকে তাদের নিরাপত্তার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের কয়েকজন নেতা, আইনজীবী, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যিনি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, বলেন, “আমরা দল-মত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। লতিফ সিদ্দিকী এসেছিলেন, তবে কামাল হোসেন আসেননি। হঠাৎ একদল ছেলে এসে হট্টগোল শুরু করে এবং আমাদের ঘিরে ফেলে। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়।”

‘মঞ্চ ৭১’ একটি নতুন নাগরিক প্ল্যাটফর্ম, যা ৫ আগস্ট প্রতিষ্ঠিত হয়। এটি মুক্তিযোদ্ধা, তরুণ প্রজন্ম, ছাত্র, এবং সাধারণ নাগরিকদের সমন্বয়ে গঠিত, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি রোধ এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষার লক্ষ্যে কাজ করছে। এই প্ল্যাটফর্মের সমন্বয়কারী হিসেবে রয়েছেন অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *