স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ৫ আগস্ট নিয়ে কোনো আতঙ্কের কারণ নেই। সরকার বরাবরের মতোই সর্বোচ্চ সতর্ক রয়েছে। সোমবার (৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
উপদেষ্টা জানান, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো কাঙ্খিত মাত্রায় পৌঁছায়নি, তবে সরকার এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, মব বা উৎশৃঙ্খল কার্যকলাপ আগের তুলনায় অনেক কমেছে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হচ্ছে না।
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। বিশেষ অভিযান দেশব্যাপী চলছে এবং এটি নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে। আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।”
আরও পড়ুন: আওয়ামী লীগ অপকর্ম করলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
কিছু রাজনৈতিক দলকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমরা সব রাজনৈতিক দলকেই নিরাপত্তা দিয়ে আসছি। তবে যে দল বেশি দুর্বল, তাদেরকে তুলনামূলকভাবে বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে।”



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































