প্রশাসন ও গোয়েন্দা সংস্থাকে দায়ী করলেন নাহিদ ইসলাম-newsedge4

লন্ডনে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার চেষ্টার ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য না আসায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, মাহফুজদের ‘মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার’ জবাব রাজনৈতিকভাবে দেওয়া হবে।

আজ শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।

পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, “গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায়ও তাকে হামলা ও অপদস্ত করার চেষ্টা করা হয়েছে। বারবার তার ওপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হবো। আমরা জানি আমাদের জন্য কী অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি।”

আরও পড়ুন: ফ্যাসিবাদ বিদায় হলেও সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে: গয়েশ্বর

তিনি আরও লেখেন, “মাহফুজ আলমের ওপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছে, তারাও ভুগবে। ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে। মাহফুজ আলম গণঅভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছেন। কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটেনি। আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করছে বিভিন্ন গ্রুপ, যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *