মালয়েশিয়া-বাংলাদেশে-01014-NewsEdge24

মালয়েশিয়া থেকে বাংলাদেশে নতুন বিনিয়োগ নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সোমবার পুত্রজায়ায় দুই দেশের প্রধানমন্ত্রীদের দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি বলেন, বাণিজ্য সম্প্রসারণসহ ৯টি গুরুত্বপূর্ণ খাতে সম্পর্ক জোরদার করতে দুই দেশের সরকারপ্রধান একমত হয়েছেন।

মাহদী আমিন জানান, বৈঠকে রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, হালাল শিল্প, ডিজিটাল অর্থনীতি, এআই ও সেমিকন্ডাক্টর খাত, শ্রমিক নিয়োগ ও কল্যাণ, শিক্ষা ও পর্যটন, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং আঞ্চলিক-বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সর্বমোট ৩৩টি পয়েন্টে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে।

দুই দেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। হালাল শিল্পে মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে হালাল পণ্য উৎপাদন, সনদ প্রদান ও দক্ষ জনবল তৈরিতে সহযোগিতা বাড়ানো হবে।

এআই, ডিজিটাল অর্থনীতি, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি পার্কে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। শিক্ষা খাতে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু, অভিবাসন ব্যয় কমানো এবং আটক বাংলাদেশি প্রবাসীদের মানবিক বিবেচনায় মুক্তির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতেও সহযোগিতা জোরদারের অঙ্গীকার করা হয়েছে।

আরও পড়ুন: শ্রমিক নিয়োগে বাংলাদেশের প্রস্তাবে সম্মত মালয়েশিয়া

প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও সফল বলে আখ্যায়িত করেছেন মাহদী আমিন। তিনি আশা প্রকাশ করেন, এই সফর দুই বন্ধুপ্রতিম দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

1 comment on “বাণিজ্য সম্প্রসারণসহ ৯টি গুরুত্বপূর্ণ খাতে একমত বাংলাদেশ-মালয়েশিয়া”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *