জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার ও আলোচিত আন্দোলনকর্মী মহিউদ্দিন রনিসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। শুক্রবার (২৪ এপ্রিল, ২০২৬) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তারা নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মে নাম লেখালেন।
অনুষ্ঠানে এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নাসিরউদ্দিন পাটোয়ারী এবং সারজিস আলম নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। দলটির পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এই অংশগ্রহণ এনসিপি-কে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে রূপান্তর করবে।
ইসহাক সরকার সাবেক ছাত্রদল ও যুবদল নেতা। আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ৩ শতাধিক মামলা হওয়ার ঘটনা দেশজুড়ে আলোচিত ছিল। গত নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হন তিনি। মহিউদ্দিন রনি রেল খাতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে একক ও সামাজিক আন্দোলনের মাধ্যমে দেশব্যাপী পরিচিতি পাওয়া এই তরুণ অধিকারকর্মী এখন থেকে এনসিপির রাজনীতিতে সক্রিয় হবেন। নুরুজ্জামান কাফি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের জন্য পরিচিত। ফেরসামিন হক ইকবাল ফ্লোরা শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































