সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া সোমবার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে স্বাগত জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
যোগদানের পর রেজা কিবরিয়া বলেন, “বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। এই দল দেশের গণতন্ত্র দুবার রক্ষা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার আদর্শ। তারেক রহমান পরিবারের ধারা বজায় রেখে চলেছেন। তাকে সাহায্য করে নতুন বাংলাদেশ গড়তে চাই।”
তিনি আরও বলেন, “তারেক রহমান বিদেশে থেকে যা শিখেছেন, তা নিয়ে দেশে ফিরলে দেশের উন্নয়ন হবে। আমি নিজের এলাকা হবিগঞ্জসহ পুরো দেশের জন্য কাজ করতে চাই।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, “আমরা অত্যন্ত গর্বিত যে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। তিনি বিএনপির ৩১ দফার আলোকে বাংলাদেশ গঠনে বড় ভূমিকা রাখবেন।”
আরও পড়ুন: গণভোটের ‘হ্যাঁ-না’ মানুষ বুঝছে না: মির্জা ফখরুল
জানা গেছে, রেজা কিবরিয়া আগামী সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়তে চান। বিএনপি ইতোমধ্যে ২২৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু হবিগঞ্জ-১ আসনটি ইচ্ছাকৃতভাবে ফাঁকা রেখেছে।
২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন রেজা কিবরিয়া।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































