সেনাকুঞ্জে-খালেদা জিয়া-প্রধান উপদেষ্টা-newsedge4

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে একান্ত বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বিকেলে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের ফাঁকে দুই নেতার মধ্যে পারস্পরিক সৌজন্য বিনিময় হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, অনুষ্ঠানের সাইডলাইনে প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বেগম খালেদা জিয়া সৌজন্য বিনিময় করেন। প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন। বিএনপি চেয়ারপারসনও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং তার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি উপস্থিত ছিলেন।

সেনাকুঞ্জে পৌঁছালে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। গাড়ি থেকে নেমে হুইলচেয়ারে করে অনুষ্ঠানস্থলে যান খালেদা জিয়া। মঞ্চে প্রধান উপদেষ্টার ডান পাশের চেয়ারে বসেন তিনি।

আরও পড়ুন: ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ প্রধান উপদেষ্টার

গত বছরও সেনাকুঞ্জে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। এবারের অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *