ভারতীয় হাইকমিশনার-প্রণয় ভার্মা-newsedge24

ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশি মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নয়াদিল্লি, কলকাতা ও অন্যান্য স্থানে বাংলাদেশি মিশনের সাম্প্রতিক নিরাপত্তা ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়। বিশেষ করে ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনা উল্লেখ করা হয়। ভারতীয় কর্তৃপক্ষকে বাংলাদেশি মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে।

সূত্র অনুযায়ী, সকাল ৯টা ৪০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান প্রণয় ভার্মা। ভারতের ডেপুটি হাইকমিশনারও উপস্থিত ছিলেন। বৈঠকটি পাঁচ মিনিটেরও কম সময় স্থায়ী হয়। গত ১০ দিনে এটি প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার তলব। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত ছয়বার ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করা হলো।

আরও পড়ুন: ভারতের নির্বাচনী নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

এর আগে ১৪ ডিসেম্বর তলব করে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য এবং শরিফ ওসমান হাদি হত্যায় জড়িতদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে সহযোগিতা চাওয়া হয়। জবাবে ভারত জানায়, তাদের ভূখণ্ড বাংলাদেশ-বিরোধী কার্যক্রমে ব্যবহার হয় না এবং বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের আশা করে।

অন্যদিকে, ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে পাল্টা তলব করে ভারত। এসব ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *