বগুড়া-৬ আসনের পর এবার রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচনী লড়াইয়ে নামার জোর প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকালে তার পক্ষে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। গুলশান ও বনানী নিয়ে গঠিত এই অভিজাত আসনে তারেক রহমানের সম্ভাব্য প্রার্থিতার খবরে রাজনৈতিক মহলে নতুন সমীকরণ শুরু হয়েছে।
এদিকে তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ভোটার নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। শনিবার রাতে নির্বাচন কমিশনের এনআইডি উইং তাদের পরিচয়পত্র প্রস্তুতের বিষয়টি নিশ্চিত করেছে। রোববার বিকেলের মধ্যে কমিশন সভায় অনুমোদনের পর তারা আনুষ্ঠানিকভাবে গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় নাম ওঠার পর মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য মাত্র একদিন সময় পাওয়া যায়।
বগুড়ার পর ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
আরও পড়ুন: এনআইডি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করলেন তারেক রহমান
বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই দ্বিমুখী প্রার্থিতা নির্বাচনী লড়াইয়ে বিএনপিকে বিশেষ সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে। এখন সবার নজর নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক অনুমোদনের দিকে, যা সম্পন্ন হলেই তার সরাসরি সংসদ নির্বাচনে অংশগ্রহণের পরবর্তী ধাপ চূড়ান্ত হবে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































