Nagor Bhabon-DSCC-নগর ভবন-newsedge24

অবশেষে খুলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন। রোববার সকালে নগর ভবনের প্রধান ফটক খুলে দেওয়া হয়। টানা ৪০ দিন বন্ধ থাকার পর সকাল ৯টা থেকে কিছু কর্মকর্তা-কর্মচারী ভবনে প্রবেশ করেন, এবং আংশিকভাবে নাগরিক সেবা কার্যক্রম শুরু হয়। এর ফলে গত ১৪ মে থেকে চলা অচলাবস্থার একধরনের সমাপ্তি ঘটল, যদিও পুরোপুরি স্বাভাবিকতা এখনো ফেরেনি।

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে বিএনপির নেতা-কর্মী ও সিটি করপোরেশনের কিছু কর্মচারীর আন্দোলনের কারণে প্রায় দেড় মাস ধরে নগর ভবনে সেবা কার্যক্রম বন্ধ ছিল। আজ জন্ম ও মৃত্যুনিবন্ধনসহ গুরুত্বপূর্ণ সেবা পেতে নাগরিকেরা নগর ভবনে ভিড় করেন। তবে কেউ কেউ অভিযোগ করেন, এখনো পুরোদমে সেবা শুরু হয়নি।

নগর ভবনের ফটকে দায়িত্বরত এক নিরাপত্তাকর্মী বলেন, “আজ সকালে নির্দেশ এসেছে ভবন খুলে দিতে। আমরা ফটক খুলে দিয়েছি। কর্মকর্তারা আসছেন। অনেক দিন পর নগর ভবনে স্বাভাবিকতা ফিরছে।”

ডিএসসিসির এক কর্মকর্তা জানান, “আন্দোলন এখনো শেষ হয়নি। তবে নগরবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে আন্দোলনকারীরা কিছুটা নমনীয় হয়েছেন। নাগরিক সেবার প্রয়োজনে ভবন খুলে দেওয়া হয়েছে।”

অন্যান্য বিভাগের কর্মকর্তারা নগর ভবনে এলেও প্রকৌশল বিভাগের কক্ষগুলোতে তালা ঝুলতে দেখা গেছে। এমনকি প্রশাসকের দপ্তরেও তালা দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, নগর ভবনের বাইরে থাকা ১০টি আঞ্চলিক কার্যালয়েও আজ স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে, তবে সেখানেও প্রকৌশলীরা প্রবেশ করেননি।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের বিজয় বাতিল করা হয়। বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ইশরাককে মেয়র ঘোষণা করে। তবে তাকে শপথ না পড়ানোর কারণে আন্দোলন শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *