জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। সংসদের ১৩তম অধিবেশন বিকেল সাড়ে তিনটায় শুরু হয়।
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেন, সংসদে পর্যাপ্ত আলোচনা ছাড়াই বিল পাস করা হচ্ছে। কথা বলার সুযোগ না থাকলে সংসদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেন, যেসব বিলে ভিন্নমত বা ডিসেন্টিং অপিনিয়ন রয়েছে, সেগুলো নিয়ে যথাযথ আলোচনা হচ্ছে না। বিরোধী পক্ষকে অল্প সময় দেওয়া হচ্ছে, ফলে সংসদীয় বিতর্কের সুযোগ সীমিত হয়ে পড়ছে।
এর আগে সংসদ অধিবেশনে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। বাংলাদেশ খেলাফত মজলিশের সংসদ সদস্য সাইদউদ্দিন আহমদ হানজালা সংসদ এলাকায় তাকে ‘জঙ্গি এমপি’ বলে অপবাদ দেওয়ার অভিযোগে বিশেষ অধিকারের নোটিশ দেন। সকালে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নোটিশটি বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠিয়ে দেন।
হানজালা জানান, গত ৩০ তারিখে সংসদ এলাকায় প্রকাশ্যে তাকে ‘জঙ্গি এমপি’ বলা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং তার সংসদ সদস্য হিসেবে বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































