রাজধানীর মহাখালী সংলগ্ন কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, “কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সকলের বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।”
প্রধান উপদেষ্টা আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে দাউ দাউ করে ছড়িয়ে পড়ে পুরো বস্তিজুড়ে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক হিসেবে কয়েকশ’ ঘর পুড়ে ছাই হয়েছে, হাজারো মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































