যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার দায় অন্তর্বর্তী সরকারের ওপর বর্তায় বলেও মন্তব্য করেছেন। রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “ফ্যাসিবাদী শক্তি এখন নানা ফরমেটে শক্তি প্রদর্শন করছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখ সারির নেতৃত্বে ছিলেন, তাদের ওপর পরাজিত হওয়ার আক্রোশ মেটানোর চেষ্টা চলছে।” তিনি জানান, গণঅধিকার পরিষদ ও নুরুল হক নুরকে কর্মসূচির আগে হুমকি দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, “জাতীয় পার্টি একটি চিহ্নিত ফ্যাসিবাদী শক্তি। তারা অতীতে আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বৈধতা দিয়েছে এবং ভারতের প্রেসক্রিপশনে কৃত্রিম গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে। এই ফ্যাসিবাদীদের সমর্থনকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।”
তিনি রাজনৈতিক কর্মসূচি ও ‘মব’-এর মধ্যে পার্থক্য বোঝার ওপর জোর দিয়ে বলেন, “প্রথমে হামলা হয়েছে জাতীয় পার্টির দিক থেকে। একটি নিবন্ধিত দলের শান্তিপূর্ণ কর্মসূচিকে ‘মব’ বলে নিউট্রালাইজ করা এবং অন্য পক্ষকে সুবিধা দেওয়া ঠিক নয়।”
আরও পড়ুন: প্রধান উপদেষ্টা ফোনে কথা বললেন নুরের সঙ্গে, তদন্তের আশ্বাস
আসিফ জানান, হামলার ঘটনা তদন্তের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত হবে। নুরুল হক নুরের চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, এবং প্রয়োজনে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা হবে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































