বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে রাজধানীর রমনার বটমূলে প্রভাতি অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ। মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে ‘জাগো আলোক-লগনে’ গানের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। এবারের মূল ভাবনা ছিল ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’। এরপর পরিবেশিত হয় ‘এ কী সুগন্ধহিল্লোল বহিল’ ও ‘তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে’ গান।
ছায়ানটের শিশু বিভাগসহ সব বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও বিশিষ্ট শিল্পী মিলিয়ে প্রায় ২০০ শিল্পী এ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্বে বক্তব্য রাখেন ছায়ানটের সভাপতি সারওয়ার আলী।
১৯৬৭ সাল থেকে প্রতি বছর পহেলা বৈশাখে রমনার বটমূলে বর্ষবরণের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করে আসছে দেশের প্রথিতযশা সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































