আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার তারিখ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। শুক্রবার (৫ ডিসেম্বর) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
বিভিন্ন গণমাধ্যমে ভোটের তারিখ ও তফসিল ঘোষণার সম্ভাব্য সময় নিয়ে প্রকাশিত সংবাদের প্রসঙ্গে তিনি বলেন, “কে দিয়েছে আমি জানি না। তফসিলের ডেট কে দিলো তা-ও আমি জানি না। ভোটের তারিখও আমি জানি না। কেউ যদি দিয়ে থাকে, মনের মাধুরী মিশিয়ে দিয়েছে—আমি এটুকুই বলতে পারি।”
আখতার আহমেদ স্পষ্ট করে জানান, “তফসিল এবং ভোটের তারিখ এখন পর্যন্ত কনফার্ম কোনো নিউজ নেই। অনেক ধরনের আলোচনা আছে, অনেক ধরনের স্পেকুলেশন আছে। কিন্তু কমিশন লেভেলে এখন পর্যন্ত কোনো কিছু কনফার্ম করা হয়নি।”
আরও পড়ুন: অনিবার্য কারণ ছাড়া বিলম্ব নয়, যথাসময়েই নির্বাচন চায় বিএনপি
তিনি আরও বলেন, “দিন-ক্ষণ ও তারিখ নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু নির্দিষ্ট করা হয়নি। কেউ যদি চালাতে (সংবাদ প্রকাশ করে) থাকে, তাহলে মানুষকে বিভ্রান্ত করে। এটা ঠিক না।”
ইসি সূত্র জানায়, নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী তফসিল ঘোষণা ভোটের কমপক্ষে ৬০ দিন আগে হবে। আগস্ট মাসে ঘোষিত রোডম্যাপে রমজানের আগে ফেব্রুয়ারি ২০২৬-এর প্রথমার্ধে নির্বাচনের কথা বলা হয়েছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































