আগামী ১৩ জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।
কূটনৈতিক ও দলীয় সূত্রে জানা গেছে, ড. ইউনূসের যুক্তরাজ্য সফরকালে তিনি যে হোটেলে অবস্থান করবেন, সেখানে স্থানীয় সময় সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি সূত্র জানায়, এই সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও আলোচনায় জাতীয় নির্বাচন, সংস্কার, এবং জুলাই গণহত্যার বিচারের বিষয়গুলো উঠতে পারে।
সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কিছুটা টানাপোড়েন থাক লক্ষ্য করা গেলেও এই বৈঠকের মাধ্যমে উভয় পক্ষের সম্পর্কের উন্নতি ঘটতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ড. ইউনূস চার দিনের সরকারি সফরে সোমবার যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































