হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান-newsedge24

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ-সংলগ্ন কবরস্থানে তিনি জিয়ারত করেন। একই স্থানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা।

এর আগে তারেক রহমানের গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করলে সড়কের দুই পাশে জড়ো হওয়া নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছার জবাব দেন তিনি।

ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের উদ্দেশে রওনা দেন। এ সময় সড়কের দুই পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

আরও পড়ুন: তারেক রহমান ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা থাকলেও বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে জানানো হয়, আহত না থাকায় তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *