বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের শত্রু। শনিবার (১৬ আগস্ট ২০২৫) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে নয়। তারা নির্বাচন বিলম্বিত বা বানচাল করতে চায়। বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য সংকল্পবদ্ধ। যারা কুযুক্তি দিয়ে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে চায়, জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।” তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যে ঐক্য ছিল, সেই ঐক্য নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এগিয়ে আসুন। আলাপ-আলোচনার মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ সহজ করতে হবে।”
বেগম খালেদা জিয়ার প্রশংসায় তিনি বলেন, “তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আলোর দিশারি হয়ে আছেন। আমরা প্রার্থনা করি, আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুন। তিনি আমাদের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় পথপ্রদর্শক। তার নির্দেশনায় আমরা সরকার ও গণতান্ত্রিক শক্তির সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্যের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছি।”
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি
তিনি আরও বলেন, “আমরা সেই গণতন্ত্রের জন্য অপেক্ষা করছি, যার জন্য আমাদের সন্তানেরা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে শক্তিতে রূপান্তর করে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে।”
যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন যুবদলের রেজাউল কবির পল, বেলাল হোসেন তারেক, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল, রবিউল ইসলাম নয়ন, সাজ্জাদুল মিরাজ প্রমুখ।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































