বাংলাদেশ পুলিশ-অতিরিক্ত-newsedge4

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে এই এসপিদের নাম নির্বাচন করা হয়। শিগগিরই পর্যায়ক্রমে তাদের পদায়ন করা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন বলেন, “গতকাল যমুনায় লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়েছে। সরকারি আদেশ হলে তাদের পদায়ন করা হবে।”

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়,

  • অতীতে যারা এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
  • পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে তালিকা তৈরি করা হয়।
  • সেই তালিকা থেকে লটারির মাধ্যমে ৬৪ জনকে চূড়ান্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদরদপ্তরের একাধিক সূত্র জানায়, প্রধান উপদেষ্টার নির্দেশে নির্বাচনকালীন সময়ে মাঠপর্যায়ে নিরপেক্ষ ও যোগ্য কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে লটারি পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এ কারণে গত সপ্তাহে ৬ জেলায় দেওয়া নতুন এসপি নিয়োগের যোগদান স্থগিত রাখা হয়েছে। এখন লটারির ফলাফলই কার্যকর হবে।

জানা গেছে, পরবর্তী ধাপে থানা পর্যায়ের ওসিদের নিয়োগও লটারির মাধ্যমে করা হবে। গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *