মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিএবির নেতৃত্বের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে বিএবির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
আবদুল হাই সরকার বলেন, “গভর্নরের সঙ্গে বৈঠকটি মূলত পরিচিতিমূলক ছিল। ব্যাংকিং খাতের উন্নয়ন, নীতিগত সমন্বয় এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। গভর্নরের মনোভাব বেসরকারি ব্যাংকগুলোর প্রতি ইতিবাচক এবং ব্যাংকিং খাতের উন্নয়নে তিনি আন্তরিক।”
ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্য অঞ্চলে কর্মরত বাংলাদেশি কর্মীদের কাজের পরিবেশ ব্যাহত হলে তা দেশের রেমিট্যান্স প্রবাহে প্রভাব ফেলতে পারে। তবে এর প্রভাব পরিস্থিতির স্থায়িত্বের ওপর নির্ভর করবে।”
বৈঠকে দুর্বল ব্যাংকগুলোকে পুনরুজ্জীবিত করা এবং ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে। প্রভিশন সংক্রান্ত গাইডলাইন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আন্তর্জাতিকভাবে প্রচলিত এই পদ্ধতিটি বাংলাদেশের অবকাঠামো ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ চলছে।”
সরকারের ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ব্যাংকিং খাতের সহায়তার প্রয়োজনীয়তাও বৈঠকে উল্লেখ করা হয়েছে। টেকসই ও কার্যকর প্রকল্পের ভিত্তিতে ব্যাংকগুলো অর্থায়নের মাধ্যমে এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানানো হয়েছে।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































