নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব-প্রধানমন্ত্রী-010212-NewsEdge24

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকালে নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার বা মোবাইল ল্যাবরেটরি ভ্যান পরিদর্শন করেছেন। উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী নিজ দপ্তরে প্রবেশের আগে মন্ত্রিপরিষদ বিভাগের নিচে রাখা ওই পরীক্ষাগারের ভেতরে গিয়ে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার পুরো প্রক্রিয়া দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে পরীক্ষাগারের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, দেশের ৬৪টি জেলায় ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে খাদ্য নমুনা পরীক্ষা ও তদারকি জোরদার করা হয়েছে। বর্তমানে আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে এ কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আলাদাভাবে এসব কাজ পরিচালিত হয়।

উপ প্রেস সচিব আরও বলেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কাজ চলছে। খাদ্য নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে ভ্যানের বাইরের মনিটরে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ উদ্যোগের মাধ্যমে ভেজালমুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করা এবং জনগণের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সরকার আরও জোরালো পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *