প্রধানমন্ত্রী-তারেক রহমান-পিলখানা হত্যাকাণ্ড -newsedge4

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। পুলিশ সদস্যদের এই শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

স্বাধীনতা যুদ্ধের সময় রাজারবাগে পুলিশ সদস্যদের ওপর হানাদার বাহিনীর বর্বর হামলার কথা স্মরণ করে তারেক রহমান বলেন, “এই সেই ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন, যেখানে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঘুমন্ত পুলিশ সদস্যদের ওপর ‘অপারেশন সার্চলাইট’-এর নামে হামলা চালিয়ে শত শত পুলিশকে হত্যা করা হয়েছিল।” তিনি মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

তিনি আরও বলেন, “এই মাটিতে দাঁড়িয়ে আসুন আমরা নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই যে, আর কোনো ফ্যাসিবাদ-স্বৈরাচার পুলিশকে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না।”

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণের রায়ে বর্তমান সরকার গঠিত হয়েছে। জনগণ এখন শান্তি ও নিরাপত্তা চায়। পুলিশের ভূমিকার ওপরেই এটি সবচেয়ে বেশি নির্ভরশীল। তিনি পুলিশ সদস্যদের জনগণের জানমালের নিরাপত্তায় সর্বশক্তি নিয়োগের নির্দেশ দেন।

তারেক রহমান পুলিশের দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ আন্তর্জাতিক পর্যায়ে পুলিশ সুনাম অর্জন করেছে। তিনি দেশের জনগণের সঙ্গেও মানবিক আচরণের প্রত্যাশা করেন।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু হওয়া পুলিশ সপ্তাহ আগামী ১৩ মে পর্যন্ত চলবে।

2 comments on “পুলিশ আর যেন ফ্যাসিবাদের হাতিয়ার না হয়: প্রধানমন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *