আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বিকেল ৫টায় বৈঠকে বসবে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠকটি নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।
এই বৈঠকের মাধ্যমে বিএনপি নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রার্থিতা বাতিল-সংক্রান্ত আপিল শুনানির অগ্রগতি, সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনে চলমান আপিল শুনানির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে বিএনপি নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী পরিবেশ নিয়ে একাধিকবার অভিযোগ ও সুপারিশ জানিয়েছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































