নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ বুধবার সন্ধ্যা ৭টায় তিনি এই ভাষণ প্রদান করবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার একযোগে প্রধানমন্ত্রীর এই ভাষণ সম্প্রচার করবে। এছাড়া দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলও ভাষণটি লাইভ সম্প্রচার করবে।
এর আগে আজ সকাল থেকেই দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের ১ নম্বর ভবন (মন্ত্রিপরিষদ ভবন) প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি প্রথম কর্মদিবস শুরু করেন।
সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। বেলা ১১টায় পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এক মিনিট নীরবতা পালন করেন। এরপর মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের নিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন।
সাভার থেকে ফিরে দুপুর সোয়া ১২টায় শেরেবাংলা নগরে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথম নীতিনির্ধারণী বৈঠকে বসবেন। বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































