ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি বৃহৎ জোট গঠনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (২৭ অক্টোবর, ২০২৫) রাজধানীর শেরেবাংলা নগরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ দিন যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতা-কর্মীরা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক যুবদল সভাপতি সাইফুল আলম নিরবসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক যোগ্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। এটি আমাদের জোট গঠন প্রক্রিয়ার একটি অংশ। আমরা দলের মধ্যে ঐক্য বজায় রাখতে এবং জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই। যাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি, তাদের নিয়ে একটি বৃহৎ জোট গঠনের চিন্তা করছি, যাতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।”
আরও পড়ুন: ঐক্য নষ্ট হলে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন আমন্ত্রণ জানাবে: সালাহউদ্দিন
তিনি আরও বলেন, “প্রার্থীদের কাছে আমাদের বার্তা স্পষ্ট—বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির মধ্যে ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা প্রার্থীদের এই বার্তা দিচ্ছি, যাতে কেউ বিভেদের পথে না যায়।” দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি এন্টি-ফ্যাসিস্ট শক্তিগুলোর সঙ্গে জোট গঠনের জন্য সর্বোচ্চ ৫০টি আসন ছাড়ার পরিকল্পনা করছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































