নির্বাচন কমিশন (ইসি) একা নয়, বরং সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোও জনগণের কাছে ওয়াদাবদ্ধ—এ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির উদ্দিন। বুধবার সকাল সাড়ে দশটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হওয়া দুই পর্বের সংলাপের প্রথম পর্বে তিনি এ কথা বলেন।
সিইসি জানান, সংলাপের উদ্দেশ্য দুটি—আচরণবিধি পরিপালন নিয়ে আলোচনা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অর্জন। তিনি বলেন, “নির্বাচন কমিশন একা নয়; সুন্দর–গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোও জনগণের কাছে ওয়াদাবদ্ধ।”
নাসির উদ্দিন উল্লেখ করেন, আচরণবিধির খসড়া প্রণয়নের সময় নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের অনেক সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশিত খসড়ার ওপর জনগণ ও রাজনৈতিক দলের মতামত পর্যালোচনা করে চূড়ান্ত করা হয়েছে।
তিনি মনে করেন, সুন্দর নির্বাচনের জন্য আচরণবিধির প্রস্তুতি নয়, বরং এর বাস্তব পরিপালনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গত কয়েকটি নির্বাচনের অভিজ্ঞতার কারণে ভোটাররা কেন্দ্রবিমুখ হয়ে পড়েছে বলে মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, “জনগণের মধ্যে একটা ভাবনা ছিল যে ভোট হয়তো আগেই দেওয়া হয়ে গেছে।”
আরও পড়ুন: নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে ইসি: সিইসি
বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন, এনডিএম ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে প্রথম পর্বের সংলাপ অনুষ্ঠিত হয়। বেলা আড়াইটায় বিএনপি, গণ অধিকার পরিষদসহ আরও ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































