বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে একটি অর্থহীন বাজেট হিসেবে অভিহিত করেছেন। সোমবার বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, “এক কথায় বলতে গেলে সত্যিই আমি বিব্রত বোধ করছি, কেননা ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে বলতে গেলে একটি বাক্যে বলতে হয়, ‘এটি একটি অর্থহীন বাজেট’।” তিনি উল্লেখ করেন, সরকার বাজেটের আকার কমাতে বাধ্য হয়েছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের রাজস্ব সংগ্রহের নৈতিক শক্তি নেই।
তিনি আরও বলেন, “বাজেটের আকার ‘নমিনালি’ কমানো হলেও রাজস্ব বাজেট বৃদ্ধি পেয়েছে, যা সরকারের আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা প্রকাশ করে।” তিনি মনে করেন, এই বাজেটে কোনো গুণগত পরিবর্তন আনা সম্ভব হয়নি। এছাড়া, দেশের নিম্ন আয়ের ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই বাজেটে কোনো উল্লেখযোগ্য দিকনির্দেশনা দেওয়া হয়নি।
মঈন খান আরও জানান, রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে এই রুটিন বাজেটের বাস্তবায়ন কতদূর সম্ভব হবে, তা সম্পূর্ণ অনিশ্চিত।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































