সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর-newsedge4

চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুখমিলা জামানের গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাইফুজ্জামানের বিদেশে সম্পদ অর্জন ও ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে চলছে অনুসন্ধান। এরই অংশ হিসেবে গতকাল শনিবার দিবাগত রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকার তালুকদারবাড়িতে দুদকের অভিযান চালানো হয়।

দুদক সূত্র জানায়, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচার, বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। এরই অংশ হিসেবে ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক ছয়টি মামলা করেছে। গত বুধবার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ঘুষ লেনদেন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়।

মামলার সূত্র ধরে বুধবার রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আবদুল আজিজকে গ্রেপ্তার করে দুদক। তাঁরা বর্তমানে পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রুখমিলা জামানের গাড়িচালক মো. ইলিয়াস তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়।

গত বছরের ৭ অক্টোবর সাইফুজ্জামান ও তাঁর স্ত্রী রুখমিলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। তাঁর বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচারসহ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদক জানায়, সাইফুজ্জামান বিদেশে অর্থ পাচার করে নিজের ও পরিবারের সদস্যদের নামে যুক্তরাজ্যে ৩৫০টি বাড়ি কিনেছেন। এছাড়া দেশেও তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন।

আরও পড়ুন: হাসিনা ও কামালের নির্দেশে হত্যাযজ্ঞ চালানো হয়: নাহিদ ইসলাম

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর দেশ ছেড়ে পালিয়ে যান সাইফুজ্জামান। তাঁদের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য দুদক বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে আবেদন করে। আবেদনটি আজ আদেশের জন্য রাখা হয়েছে। সম্প্রতি সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীসহ ২৫ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *