বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান দেশের গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে দেশের জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানস্থলে এসেই তারেক রহমান বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, “অনেকগুলো বছর সংগত কারণেই দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সরাসরি দেখা-সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময় হয়নি। এ কারণে দলের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।”
আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাব নেতাদের সৌজন্য সাক্ষাৎ
উল্লেখ্য, যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এর ১০ দিনের মাথায় শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর পরদিন প্রথম কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসলেন তিনি।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































