ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাহিন সরকার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদারকে সমর্থন জানান।
মাহিন সরকার বলেন, “যেহেতু নির্বাচনী প্রার্থিতা প্রত্যাহারের আর সুযোগ নেই, তাই আমার নাম প্রার্থী তালিকায় থাকবে। তবে যারা আমাকে ভোট দিতে চেয়েছিলেন, তাদের প্রতি আমার আহ্বান, আপনারা আবু বাকের মজুমদারকে ভোট দিন। জিএস পদে বাকের মজুমদারের জয়ই আমার জয় হিসেবে গণ্য হবে।”
আরও পড়ুন: ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন নিয়ে বাধা নেই
প্রসঙ্গত, মাহিন সরকার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হিসেবে স্বতন্ত্র প্যানেল থেকে জিএস পদে প্রার্থী হয়েছিলেন। তবে এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে তাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































